ঢাকা মঙ্গলবার, ১৯ মে ২০২৬

নেইমারকে নিয়েই ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা, বাদ পড়লেন রদ্রিগো

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯ মে, ২০২৬, ১১:৫৬ দুপুর

সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপ সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর আবারও সেলেসাওদের জার্সিতে ফিরেছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। নতুন কোচ কার্লো আনচেলত্তির ঘোষিত দলে জায়গা পেয়েছেন বেশ কয়েকজন আলোচিত ফুটবলার, আবার চমক হিসেবে বাদও পড়েছেন কিছু পরিচিত মুখ।

মঙ্গলবার (১৯ মে) রিও ডি জেনিরোর মিউজিয়াম অব টুমরোতে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হয়।

২০২৩ সালের অক্টোবরে হাঁটুর গুরুতর চোটে পড়ার পর দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে ছিলেন নেইমার। ফলে আসন্ন বিশ্বকাপে তাঁর দলে থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে ফিটনেস ফিরে পাওয়ায় শেষ পর্যন্ত ব্রাজিল কোচের আস্থা অর্জন করেন এই অভিজ্ঞ ফরোয়ার্ড।

দলের অন্যতম বড় চমক হিসেবে আলোচনায় এসেছে রদ্রিগোর বাদ পড়া। যদিও শেষ পর্যন্ত স্কোয়াডে জায়গা পাওয়ার সম্ভাবনায় ছিলেন তিনি। একইভাবে অভিজ্ঞ ডিফেন্ডার থিয়াগো সিলভাকেও চূড়ান্ত দলে রাখা হয়নি।

অন্যদিকে, তরুণ ফরোয়ার্ড এনদ্রিক ও অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরোর অন্তর্ভুক্তি স্কোয়াডে নতুন ভারসাম্য এনেছে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকেরা।

এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো, পানামা ও স্কটল্যান্ড। মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে সেলেসাওরা।

২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড:

গোলরক্ষক: আলিসন বেকার, এডারসন, ওয়েভারটন।

ডিফেন্ডার: আলেক্স সান্দ্রো, ব্রেমার, দানিলো, ডগলাস সান্তোস, গাব্রিয়েল, ইবানিয়েজ, লিও পেরেইরা, মার্কিনিয়োস, ওয়েসলি।

মিডফিল্ডার: ব্রুনো গিমারায়েস, কাসেমিরো, দানিলো, ফাবিনিয়ো, লুকাস পাকেতা।

ফরোয়ার্ড: এনদ্রিক, গাব্রিয়েল মার্টিনেল্লি, ইগর থিয়াগো, লুইজ এনরিকে, মাতেউস কুনিয়া, নেইমার জুনিয়র, রাফিনিয়া, রায়ান ও ভিনিসিয়ুস জুনিয়র।

Link copied!