ঢাকা বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

ইরান থেকে সব ইউরেনিয়াম সরানোর দাবি নেতানিয়াহুর

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৮ দুপুর

ছবি: সংগৃহীত

ইরান থেকে সব ধরনের ইউরেনিয়াম অপসারণ এবং ভবিষ্যতে সমৃদ্ধকরণের সক্ষমতা বন্ধের আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যেকোনো নতুন চুক্তিতে তেহরানের ইউরেনিয়াম মজুত সম্পূর্ণভাবে সরিয়ে নেওয়ার পাশাপাশি সমৃদ্ধকরণ অবকাঠামো ধ্বংসের বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে।

চলতি সপ্তাহের শেষদিকে ওয়াশিংটনের সঙ্গে পারমাণবিক আলোচনার দ্বিতীয় দফায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সম্ভাব্য সফরের আগে এ মন্তব্য আসে। জেরুজালেমে এক অনুষ্ঠানে নেতানিয়াহু বলেন, যে কোনো কার্যকর চুক্তির প্রথম শর্ত হওয়া উচিত—ইরান থেকে সব ইউরেনিয়াম সরিয়ে ফেলা। দ্বিতীয়ত, ভবিষ্যতে সমৃদ্ধকরণের কোনো সক্ষমতা রাখা যাবে না; এ জন্য সংশ্লিষ্ট সরঞ্জাম ও অবকাঠামো ভেঙে ফেলতে হবে। তৃতীয়ত, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিষয়টিও সমাধান করতে হবে।

ইরানের হাতে বর্তমানে ৬০ শতাংশ সমৃদ্ধ প্রায় ৪০০ কিলোগ্রামের বেশি ইউরেনিয়াম রয়েছে বলে আন্তর্জাতিক মহলে উদ্বেগ রয়েছে। গত জুনে ইসরায়েলের হামলার আগে আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা সর্বশেষ ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শন করেছিলেন। ওই সময় ১২ দিনের সংঘাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং আলোচনার প্রক্রিয়া স্থগিত হয়ে যায়।

এক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে নেতানিয়াহু বলেন, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর সঙ্গে আলোচনাতেও তিনি একই শর্তগুলোর ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি জোর দিয়ে বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচির ক্ষেত্রে কেবল আনুষ্ঠানিক নয়, বরং যেকোনো সময় কার্যকর ও কঠোর পরিদর্শন নিশ্চিত করতে হবে।

গত ৬ ফেব্রুয়ারি ওমানের মাস্কটে যুক্তরাষ্ট্র ও ইরান পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করে। তবে সর্বশেষ দফায় ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকিও দিয়েছে। একই সময়ে সরকারবিরোধী বিক্ষোভ দমনের ঘটনায় ইরানের কঠোর অবস্থানের প্রেক্ষাপটে অঞ্চলটিতে একটি মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েন করা হয়েছে।

Link copied!