ঢাকা বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

বিসিবি সভাপতির বিরুদ্ধে ফিক্সিং তদন্তের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩০ জানুয়ারী, ২০২৬, ০৯:৪৪ রাত

ছবি: সংগৃহীত

সর্বশেষ বিপিএল ঘিরে ফিক্সিং বিতর্কের রেশ কাটতে না কাটতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে নতুন গুঞ্জন ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি ওঠে, তার বিরুদ্ধেও নাকি বিসিবির দুর্নীতি দমন ইউনিট তদন্ত শুরু করেছে। তবে এসব তথ্যকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে বিসিবি।

শুক্রবার (৩০ জানুয়ারি) প্রকাশিত এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে বোর্ড জানায়, সভাপতির বিরুদ্ধে কোনো ধরনের ফিক্সিং তদন্ত চলছে—এমন দাবি পুরোপুরি মনগড়া। বিসিবির অ্যান্টি-করাপশন ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল নিজেও বিষয়টি অস্বীকার করেছেন এবং লিখিতভাবে নিশ্চিত করেছেন যে, এ ধরনের কোনো তদন্তের অস্তিত্ব নেই। তার বক্তব্য অনুযায়ী, বিসিবি সভাপতি তার দ্বারা তদন্তাধীন—এমন প্রচারণা সম্পূর্ণ অসত্য ও কল্পিত।

বিজ্ঞপ্তিতে বিসিবি আরও উল্লেখ করে, এ ধরনের ভুয়া তথ্য ছড়ানো শুধু সভাপতির ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা নয়, বরং বাংলাদেশ ক্রিকেট ও বোর্ডের সামগ্রিক বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা। বিষয়টিকে বোর্ড অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে বলেও জানানো হয়।

ভিত্তিহীন তথ্য ছড়িয়ে দেওয়ার ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়ার কথাও নিশ্চিত করেছে বিসিবি। বোর্ড জানায়, সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ ও ব্যক্তিদের বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে, যাতে ভুয়া প্রচারণার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা যায়।

বিসিবির পক্ষ থেকে আরও বলা হয়, বোর্ড মানহানিমূলক যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে। খেলোয়াড়, কর্মকর্তা কিংবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ালে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্ল্যাটফর্মের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে গণমাধ্যম ও সাধারণ মানুষকে যাচাইহীন তথ্য প্রচার বা শেয়ার না করার আহ্বান জানিয়ে কেবলমাত্র অফিসিয়াল সূত্রের ওপর নির্ভর করার অনুরোধ করেছে বিসিবি।

Link copied!