ঢাকা বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

চট্টগ্রামে ভোটের আমেজে কঠোর নিরাপত্তা, মাঠে ৪০ হাজার সদস্য

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৪১ বিকাল

ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম জেলায় এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রিত রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জাহিদুল ইসলাম মিঞা। বুধবার দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে নির্বাচনী সরঞ্জাম বিতরণ কার্যক্রম পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

জেলা প্রশাসক বলেন, নির্বাচনী আচরণবিধি কার্যকর হওয়ার পর থেকে জেলায় সার্বিক পরিবেশ স্বস্তিকর রয়েছে। ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বর্তমানে জেলার বিভিন্ন স্থানে প্রায় ৪০ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি দায়িত্বে আছেন প্রায় ১১৫ জন জুডিশিয়াল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। প্রত্যেক ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে স্ট্রাইকিং ফোর্স মাঠে সক্রিয় রয়েছে এবং নিয়মিত টহল ও নজরদারির মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

তিনি জানান, চলমান তল্লাশি অভিযানে ইতোমধ্যে কিছু অর্থ জব্দ করা হয়েছে। প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং যে কোনো অনিয়ম প্রতিরোধে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

জাহিদুল ইসলাম মিঞা আরও বলেন, প্রশাসনের লক্ষ্য কেবল ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা নয়। বরং প্রতিটি ভোটার যেন উৎসবমুখর পরিবেশে নিরাপদে ভোটকেন্দ্রে গিয়ে স্বাধীনভাবে ভোট দিতে পারেন এবং নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন—সেই নিশ্চয়তা দেওয়া হচ্ছে।

সীতাকুণ্ড ও রাউজানের মতো গুরুত্বপূর্ণ এলাকাসহ জেলার সব উপজেলাকে বিশেষ নজরদারির আওতায় রাখা হয়েছে। কোথাও সামান্য উদ্বেগের ইঙ্গিত মিললেই তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি। এখন পর্যন্ত জেলার নির্বাচনী পরিবেশ সন্তোষজনক বলেও মন্তব্য করেন জেলা প্রশাসক।

চট্টগ্রাম জেলায় মোট ভোটার সংখ্যা প্রায় ৬৬ লাখ ৮২ হাজার ৫১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৩৪ লাখ ৮৩ হাজার ৮৭৭ জন।

Link copied!