দেশে হামের প্রাদুর্ভাবের মধ্যে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। তবে একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটেছে। নতুন ৬ মৃত্যু যুক্ত হওয়ায় দেশে হামের উপসর্গ ও নিশ্চিত সংক্রমণে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯৪ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯০ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে ৫০৪ জন।
গত এক দিনে দেশে নতুন করে ৪২ জনের শরীরে নিশ্চিত হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ১৩৬ জনে।
এ ছাড়া একই সময়ে আরও ১ হাজার ২৯২ শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। ফলে দেশে সন্দেহভাজন হামে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৩৬২ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের বিস্তার রোধে শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। একই সঙ্গে সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করছেন তারা।

আপনার মতামত লিখুন :