ঢাকা বুধবার, ০৩ জুন ২০২৬

বাংলাদেশ-নরওয়ে সম্পর্ক জোরদারে গুরুত্ব, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২ জুন, ২০২৬, ০৬:১৬ বিকাল

সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকোন আরাল্ড গুলব্র্যান্ডসেন। মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন সমসাময়িক ইস্যু গুরুত্ব পায়।

আলোচনার শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার পরপরই নরওয়ের স্বীকৃতি এবং দেশের উন্নয়নে দীর্ঘদিনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমান সরকারের পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব এবং নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার বিষয়েও সরকার অঙ্গীকারবদ্ধ।

নরওয়ের রাষ্ট্রদূত বাংলাদেশের সাম্প্রতিক আর্থ-সামাজিক অগ্রগতির প্রশংসা করেন। তিনি জানান, নরওয়ে এখন প্রচলিত উন্নয়ন সহায়তার পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির দিকে বেশি গুরুত্ব দিচ্ছে।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি ওষুধ, চামড়াজাত পণ্য, তথ্যপ্রযুক্তি সেবা, পাটজাত পণ্য এবং হস্তশিল্পের মতো খাতে নরওয়ের বাজারে বাংলাদেশের সম্ভাবনার কথা তুলে ধরেন।

এছাড়া নবায়নযোগ্য জ্বালানি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, জাহাজ নির্মাণ এবং প্যাকেজিং শিল্পে নরওয়ের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি।

বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করা এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে ইতিবাচক মতবিনিময় হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Link copied!