পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে এবারের ঈদের প্রধান জামাত। আগামী ঈদের দিন সকাল ৭টা ৩০ মিনিটে এই জামাত আয়োজন করা হবে বলে জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়।
মঙ্গলবার (২৬ মে) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জামাতে সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ আশপাশ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেবেন। সময়মতো উপস্থিত থেকে ঈদের নামাজে শরিক হওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছে সংসদ সচিবালয়।
বিজ্ঞপ্তিতে মুসল্লিদের অজু সম্পন্ন করে এবং নামাজের প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে।
সংসদ সচিবালয় জানিয়েছে, মুসল্লিরা প্রয়োজনে জায়নামাজ, মোবাইল ফোন ও আবহাওয়ার কথা বিবেচনায় ছাতা সঙ্গে আনতে পারবেন। তবে নিরাপত্তাজনিত কারণে অন্য কোনো ব্যাগ বা অপ্রয়োজনীয় বস্তু বহন না করার অনুরোধ করা হয়েছে।
প্রতি বছর জাতীয় সংসদ ভবন এলাকায় ঈদের জামাতে বিপুলসংখ্যক মুসল্লির সমাগম ঘটে। এ কারণে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে আগাম প্রস্তুতি নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আপনার মতামত লিখুন :