ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আমবাগানেই নিহত ৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪ জুন, ২০২৬, ০৮:৫৬ রাত

বজ্রপাত প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে তিন নারীসহ ছয়জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে সদর, শিবগঞ্জ ও নাচোল উপজেলায় পৃথক ঘটনায় এসব প্রাণহানির ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, শিবগঞ্জ উপজেলায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। তারা সবাই ঝড়-বৃষ্টির সময় বাড়ির পাশের আমবাগানে আম কুড়াতে গিয়েছিলেন। নিহতরা হলেন চকনরেন্দ্র গ্রামের মাহমুদা আক্তার, রানীবাড়ি বাজারপাড়ার সাদিয়া খাতুন এবং শিকারপুর দক্ষিণপাড়ার মো. মেসবাউল।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান।

এদিকে সদর উপজেলার আতাহার এলাকায় বজ্রপাতে প্রাণ হারিয়েছে ১৭ বছর বয়সী আবদুল্লাহ। বৃষ্টির মধ্যে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রাঘাতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই ঘটনায় তার গরুটিও মারা যায়।

অন্যদিকে নাচোল উপজেলায় বজ্রপাতে আরও দুজনের মৃত্যু হয়েছে। লাহাবাড়ি গ্রামের সুমিয়ারা বেগম মাঠে ঘাস কেটে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতের শিকার হন। এছাড়া গোসাইপুর গ্রামের হাসান আলী (লালু) আমবাগানে অবস্থানকালে বজ্রপাতে নিহত হন।

নাচোল থানার ওসি সুকোমল চন্দ্র দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আকস্মিক বৈরী আবহাওয়ার মধ্যেই এসব দুর্ঘটনা ঘটেছে।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রপাতের ঘটনা বৃদ্ধি পাওয়ায় আবহাওয়া বিশেষজ্ঞরা ঝড়-বৃষ্টির সময় খোলা মাঠ, গাছের নিচে এবং আমবাগানে অবস্থান না করার পরামর্শ দিয়েছেন। বিশেষ করে বজ্রসহ বৃষ্টির সময় নিরাপদ আশ্রয়ে থাকার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

 
 

Link copied!