পশ্চিমবঙ্গের রাজনীতিতে এবার দেখা গেল এক ব্যতিক্রমী ও চমকপ্রদ ঘটনা। সদ্য গঠিত বিজেপি-নেতৃত্বাধীন মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন একজন গৃহপরিচারিকা—কলিতা মাজি। তাঁকে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, যা রাজ্যজুড়ে ব্যাপক আলোচনা ও কৌতূহলের জন্ম দিয়েছে।
কলিতা মাজি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আউসগ্রামের বাসিন্দা। রাজনীতিতে আসার আগে তিনি সাধারণ জীবনযাপন করতেন এবং জীবিকা নির্বাহের জন্য একাধিক বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন। জানা যায়, তিনি নির্বাচনের আগ পর্যন্ত প্রায় সাতটি বাড়িতে কাজ করতেন এবং মনোনয়ন পাওয়ার পরও কিছুদিন কাজ চালিয়ে যান। পরে স্থানীয়দের অনুরোধে তিনি পুরোপুরি নির্বাচনী প্রচারে যুক্ত হন।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে একই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন কলিতা মাজি। তবে এবার তিনি বড় ব্যবধানে জয়ী হয়ে রাজনৈতিক অঙ্গনে নিজের অবস্থান শক্ত করেন। তাঁর রাজনৈতিক জীবন তপশিলি সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে বিজেপির সঙ্গে যুক্ত হয়ে এগিয়ে যায়।
পারিবারিক জীবনে কলিতা মাজির স্বামী সুব্রত মাজি একজন প্লাম্বার হিসেবে কাজ করেন। ২০০৬ সালে তাঁদের বিয়ে হয় এবং তাদের একটি পুত্রসন্তান রয়েছে। পরিবার থেকে সবসময়ই তিনি সমর্থন পেয়েছেন বলে জানান তিনি। তবে নির্বাচনী ফলাফল জানার আগেই তাঁর শ্বশুর মারা যাওয়ায় সেই আনন্দ ভাগ করে নিতে না পারার আক্ষেপও প্রকাশ করেন তিনি।
মন্ত্রী হওয়ার পর প্রতিক্রিয়ায় কলিতা মাজি বলেন, তিনি কখনো কল্পনাও করেননি যে একদিন রাজ্যের মন্ত্রিসভায় জায়গা পাবেন। তাঁর লক্ষ্য থাকবে এলাকার উন্নয়ন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং বিশেষ করে নারী অধিকার ও কল্যাণে কাজ করা।
এদিকে নতুন মন্ত্রিসভায় চলচ্চিত্র জগতের একাধিক জয়ী তারকা প্রার্থী থাকলেও তাঁদের কাউকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়নি বলে জানা গেছে। রাজনৈতিক মহলে বিষয়টি নিয়েও আলোচনা চলছে।

আপনার মতামত লিখুন :