চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, ভারত ও চীন একে অপরের ভালো প্রতিবেশী, বন্ধু এবং কৌশলগত অংশীদার। ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে পাঠানো শুভেচ্ছা বার্তায় তিনি এই মন্তব্য করেন। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া বিষয়টি নিশ্চিত করেছে।
শি জিনপিং তার বার্তায় উল্লেখ করেন, গত এক বছরে চীন ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক ধারাবাহিকভাবে উন্নতির পথে এগিয়েছে। এই অগ্রগতি শুধু দুই দেশের জন্যই নয়, বরং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও সমৃদ্ধি বজায় রাখার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বলেন, ভালো প্রতিবেশী ও অংশীদার হিসেবে সম্পর্ক গড়ে তোলাই দুই দেশের জন্য সবচেয়ে সঠিক পথ।
চীন ও ভারতের সম্পর্ককে রূপক অর্থে ‘ড্রাগন ও হাতির একসঙ্গে নাচ’ হিসেবে ব্যাখ্যা করেন শি জিনপিং। তার মতে, পারস্পরিক শ্রদ্ধা, নিয়মিত যোগাযোগ ও সহযোগিতা বাড়ানো গেলে দুই দেশ একে অপরের উদ্বেগ দূর করে স্থিতিশীল ও সুস্থ সম্পর্ক গড়ে তুলতে পারবে।
উল্লেখ্য, পারমাণবিক শক্তিধর এই দুই এশীয় দেশের মধ্যে প্রায় ৩ হাজার ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যার বড় অংশ এখনও পুরোপুরি নির্ধারিত নয়। ১৯৫০-এর দশক থেকে সীমান্ত বিরোধ চলমান রয়েছে। ২০২০ সালে সীমান্ত সংঘর্ষে উভয় পক্ষের সেনা নিহত হওয়ার পর দ্বিপক্ষীয় সম্পর্কে বড় ধরনের টানাপোড়েন সৃষ্টি হয় এবং হিমালয় এলাকায় সামরিক উপস্থিতি বাড়ানো হয়।
তবে সাম্প্রতিক সময়ে উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৫ সালে দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল পুনরায় চালু হয়। পাশাপাশি যুক্তরাষ্ট্রের কঠোর পররাষ্ট্রনীতির প্রেক্ষাপটে চীন ও ভারত বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে আগ্রহ দেখাচ্ছে।

আপনার মতামত লিখুন :