ঢাকা বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

ইরানে বিক্ষোভে প্রাণহানি: নিহতদের নাম প্রকাশ করলো প্রেসিডেন্ট কার্যালয়

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪০ দুপুর

ছবি: সংগৃহীত

ইরানে সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভে নিহতদের একটি বিস্তারিত নামের তালিকা প্রকাশ করেছে দেশটির প্রেসিডেন্ট কার্যালয়। প্রকাশিত তথ্যে জানা গেছে, ২০২৫ সালের শেষ দিকে শুরু হওয়া এসব বিক্ষোভে মোট প্রায় তিন হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। এর মধ্যে এখন পর্যন্ত ২ হাজার ৯৮৬ জন নিহতের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়েছে।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির বরাতে জানানো হয়, রোববার এই তালিকা প্রকাশ করা হয়। প্রেসিডেন্ট কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের নাম প্রকাশ প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের স্বচ্ছতা, দায়িত্ববোধ এবং জবাবদিহিমূলক শাসনব্যবস্থার অংশ।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সাম্প্রতিক সহিংস ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তারা সবাই ইরানের সন্তান। সরকার মানবজীবনকে কোনো রাজনৈতিক হিসাব বা পরিসংখ্যান হিসেবে দেখে না; বরং প্রতিটি নিহত ব্যক্তিকে একটি সম্পূর্ণ ও মূল্যবান জীবন হিসেবে বিবেচনা করে।

প্রেসিডেন্ট কার্যালয় জানায়, প্রকাশিত তালিকায় সাধারণ নাগরিকের পাশাপাশি নিরাপত্তা বাহিনীর সদস্যদের নামও অন্তর্ভুক্ত রয়েছে। তবে এখনও ১৩১ জন নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা যায়নি। তাদের পরিচয় শনাক্তের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ইরানে বিক্ষোভে প্রাণহানির এই সরকারি স্বীকৃতি দেশটির সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকার ইস্যুতে আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Link copied!