ইরানের সেনাবাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-কে আনুষ্ঠানিকভাবে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ২৭ সদস্যের এই জোটের পক্ষ থেকে বৃহস্পতিবার সিদ্ধান্তটি চূড়ান্ত করা হয়, যা ইরানের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে নেওয়া একটি বড় কূটনৈতিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের ওপর ব্যাপক দমন-পীড়ন ও প্রাণহানির ঘটনায় তেহরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
এই সিদ্ধান্তের আগে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউ সদস্যরাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সর্বসম্মতিক্রমে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। কাজা কালাস বলেন, ক্ষমতা টিকিয়ে রাখতে যারা নিজেদের জনগণের বিরুদ্ধে সহিংসতা চালায়, তাদের প্রতি কোনো ছাড় দেওয়ার নীতি ইইউ গ্রহণ করে না।
ইইউ’র এই অবস্থানের পেছনে সম্প্রতি ইরানে সরকারবিরোধী আন্দোলন দমনে নিরাপত্তা বাহিনীর কঠোর ভূমিকা বড় কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে। নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ভ্যান উইল বলেন, আন্দোলন দমনের নামে যে মাত্রার সহিংসতা চালানো হয়েছে, তা আন্তর্জাতিক মহলের কাছে গ্রহণযোগ্য নয়।
ফ্রান্স ও ইতালি আগেই এই প্রস্তাবের পক্ষে অবস্থান নিয়েছিল বলে জানা গেছে। ফলে বৈঠকে সিদ্ধান্তটি পাস হতে তেমন কোনো বাধার মুখে পড়তে হয়নি।
ইইউ’র এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সা’র একে ‘ঐতিহাসিক সিদ্ধান্ত’ বলে উল্লেখ করেন। ইসরায়েলি সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তার মতে, এই পদক্ষেপের ফলে আইআরজিসি সংশ্লিষ্ট ব্যক্তিদের আন্তর্জাতিকভাবে বিচারের আওতায় আনা আরও সহজ হবে।
অন্যদিকে, ইইউ’র এই সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি একে ‘গুরুতর কৌশলগত ভুল’ আখ্যা দিয়ে বলেন, এমন সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াবে এবং সম্ভাব্য সংঘাতের ঝুঁকি তৈরি করবে।
১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর গঠিত আইআরজিসি ইরানের সামরিক কাঠামোর অন্যতম শক্তিশালী অংশ। শুধু সামরিক ক্ষেত্রেই নয়, দেশটির অর্থনীতি, ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং পরমাণু প্রকল্পেও এই বাহিনীর ব্যাপক প্রভাব ও নিয়ন্ত্রণ রয়েছে।

আপনার মতামত লিখুন :