ঢাকা শনিবার, ২৩ মে ২০২৬

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২ মে, ২০২৬, ০৩:৩৩ দুপুর

ছবি: সংগৃহীত

ঝিনাইদহ শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার জুমার নামাজের পর শহরের পুরাতন কালেক্টরেট জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। হামলার সময় তাকে লক্ষ্য করে ডিম, ইট-পাটকেল ছোড়া হয় এবং হকিস্টিক দিয়ে মারধরের অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, পূর্বঘোষিত কর্মসূচিতে অংশ নিতে তিনি ঝিনাইদহে যান। জেলা প্রশাসকের বাসভবনের বিপরীতে অবস্থিত পৌর কালেক্টর জামে মসজিদে জুমার নামাজ শেষে বের হওয়ার পরই হামলার মুখে পড়েন তারা। তার অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা এ হামলা চালায়।

তিনি আরও জানান, প্রথমে তাদের লক্ষ্য করে ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। পরে হকিস্টিক দিয়ে অতর্কিত হামলা চালানো হয়। এতে অন্তত তিনজনের মাথা ফেটে যায় এবং আরও কয়েকজন আহত হন। তাকেও কিল-ঘুষি মারা হয়েছে বলে দাবি করেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, হামলাকারীরা কয়েকজনের মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। ঘটনার পর তিনি ও তার সহযোগীরা থানায় অবস্থান নিয়েছেন এবং মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। একই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেন, থানার সামনেও আবার হামলার চেষ্টা হতে পারে।

 

Link copied!